১৬ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

কুলাউড়ায় ১৫ আগস্টে শোক পালন করে সেই ছবি ফেসবুকে, ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন এবং সেই কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া এলাকায় নিজের বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানিয়েছে, শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির পাশে ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়ের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপন করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


ওই কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন জান্নাতুল ফেরদৌস। পরে পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


জান্নাতুল ফেরদৌস চৌধুরী ভাতাইয়া এলাকার মৃত আব্দুল মছব্বির চৌধুরীর মেয়ে। তার বড় বোন ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ছিলেন।


কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নেত্রী জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কুলাউড়া, মৌলভীবাজার, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার, নিষিদ্ধ ছাত্রলীগ, ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কুলাউড়া পুলিশ, কর্মধা ইউনিয়ন, ভাতাইয়া, ফেসবুক পোস্ট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ