পুবালী ব্যাংকের সৌজন্যে নতুন বাস পেল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৪ আগস্ট, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন
শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (সুবিপ্রবি) একটি নতুন বাস উপহার দিয়েছে পুবালী ব্যাংক পিএলসি। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জের ট্যাক্সটাইল ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে বাসটি হস্তান্তর করে ব্যাংক কর্তৃপক্ষ।
বাস হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, পুবালী ব্যাংক সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার চৌধুরী মো. শফিউল হাসান, বিশ্বিবদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক সাইদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন বলেন, আমদের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ৭৫ আসনের একটি বাস ছিলো। কিন্তু তা যথেষ্ট ছিলো না। আজ পুবালী ব্যাংক এর হাত ধরে সুবিপ্রবি নিজেদের একটি বাস পেয়েছে।নতুন বাসটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীরা এর সুফল ভোগ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সহযোগিতা করা পুবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ। শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় বিশ্ববিদ্যালয়কে বাসটি প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভা শেষে পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইনের হাতে বাসের চাবি তোলে দেন। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নতুন বাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন ও পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ।
পুবালী ব্যাংক, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের যাতায়াত, বাস উপহার, শিক্ষাব্যবস্থা