১৬ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ২:২৭ অপরাহ্ন


সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ও আজ রোববার এই দুইদিন ধরে এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর একটি বিশেষ অপারেশন দল ও অধীনস্থ বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় একাধিক স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।


জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী। বিজিবির হিসাবে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।’


তিনি আরও বলেন, ‘জব্দকৃত পণ্যসমূহ সরকার নির্ধারিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট সীমান্ত, বিজিবি, ৪৮ বিজিবি, ভারতীয় অবৈধ পণ্য, চোরাচালান, সিলেট চোরাচালান, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, ভারতীয় জিরা, ভারতীয় চা, ফুচকা, শাড়ি, কম্বল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ