সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৯
যাপিতজীবন
প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ১২:১০ অপরাহ্ন
সিলেট গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জনে।
স্বাস্থ্য বিভাগের ১৬ আগস্টের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ১৩০ জনের এবং নিশ্চিত হাম রোগে ৬ জনের।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে নতুন করে ১২৯ জন ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছে।
এদিকে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ৩০৯ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ জন ভর্তি রয়েছে। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন রোগী ভর্তি রয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে দেখা যায়, এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেট জেলায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ৪৭ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জন মারা গেছেন। হবিগঞ্জে মোট মৃত্যু ১৭ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৫ জন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা সিলেটে ৩১১ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৪ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
সিলেটে হাম, সিলেট হাম পরিস্থিতি, হাম উপসর্গে মৃত্যু, হাম রোগী, সিলেট বিভাগে হাম, হাম শনাক্ত, সিলেট স্বাস্থ্য বিভাগ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল