২১ জুন ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

হবিগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন মামলায় কারাগারে পুলিশ সদস্য

প্রতিনিধি হবিগঞ্জ

প্রকাশঃ ২১ জুন, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন


যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সুনামগঞ্জে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার হবিগঞ্জের একটি আদালতে মামলার শুনানিকালে তার জামিন বাতিল করে এ আদেশ দেওয়া হয়।


কারাগারে পাঠানো পুলিশ সদস্যের নাম অনন্ত চন্দ্র বিশ্বাস। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর থানার একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।


আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ মামলাটির চার্জ গঠন ও শুনানির দিন নির্ধারিত ছিল। শুনানির সময় অনন্ত চন্দ্র বিশ্বাস আদালতে উপস্থিত হলে বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


মামলার নথি অনুযায়ী, অনন্ত চন্দ্র বিশ্বাসের স্ত্রী প্রভাতী রানী দাশ ২০২৪ সালে যৌতুক নিরোধ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় আদালতে একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ২০১৭ সালে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।


অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই স্বামী তার কাছে চার লাখ টাকা যৌতুক দাবি করতেন। যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। একপর্যায়ে ২০২২ সালের জানুয়ারিতে শিশুসন্তানসহ তাকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়।


মামলায় আরও উল্লেখ করা হয়, পারিবারিক বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে ২০২৪ সালের ১১ মে অভিযুক্ত ব্যক্তি আবারও শ্বশুরবাড়িতে গিয়ে যৌতুকের টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি অশোভন আচরণ করে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে।


এরপর প্রভাতী রানী দাশ আদালতের দ্বারস্থ হন। মামলার পর আদালত প্রথমে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন। পরে তিনি আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এক পর্যায়ে জামিন পেলেও আদালতের নির্ধারিত শর্ত অনুযায়ী কোনো সমঝোতা হয়নি। পরবর্তীতে আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


বাদীপক্ষে আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট আবু নঈম মোল্লা, অ্যাডভোকেট মো. শিবলী খায়ের এবং অ্যাডভোকেট আলমগীর।


এদিকে কর্মরত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে যৌতুক নির্যাতনের মামলায় আদালতের এ আদেশ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। আদালত সূত্র জানিয়েছে, মামলার বিচারিক কার্যক্রম পরবর্তী ধাপ অনুযায়ী চলবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

যৌতুক মামলা, পুলিশ কনস্টেবল কারাগারে, অনন্ত চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ পুলিশ, হবিগঞ্জ আদালত, যৌতুক নিরোধ আইন ২০১৮, স্ত্রী নির্যাতন মামলা, জামিন বাতিল, সুনামগঞ্জ সংবাদ, আদালতের আদেশ, নারী নির্যাতন, প্রভাতী রানী দাশ, বাংলাদেশ আদালত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ