সিলেটের জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা
বিএসএফের গুলিতে যুবকের মৃত্যুর দাবি, প্রতিবাদে ভারতীয় কৃষককে তুলে আনেন স্থানীয়রা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে বাংলাদেশী ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্থানীয় এক যুবকের মৃত্যু ও তার মরদেহ সীমান্তের ওপারে আটকে রাখার দাবি করছেন স্থানীয়রা।
অপরদিকে, এই ঘটনার জেরে গতকাল মঙ্গলবার (১৬জুন) সীমান্তবর্তী ভারতীয় এক নাগরিককে তুলে নিয়ে আসেন বাংলাদেশীরা। এ নিয়ে দুই দেশের সীমান্তবর্তী লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
তবে এ বিষয়ে বিজিবির কোনা বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য জকিগঞ্জ থানা পুলিশ বলছে, স্থানীয়রা দাবি করছেন সীমান্তের ওপারে তাদের একজন লোক নিখোঁজ রয়েছেন। কিন্তু এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি।
সীমান্তের ওপারে নিখোঁজ যুবকের নাম ডিপজল আহমদ। বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের আহমদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ডিপজলসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে যান। ফেরার পথে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। এ সময় ডিপজলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে দেশে ফিরলে ডিপজল নিখোঁজ রয়েছেন। বিএসএফের গুলিতে ডিপজলের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।
এদিকে, ডিপজলের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে গতকাল মঙ্গলবার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় কৃষককে তুলে আনেন উত্তেজিত জনতা। এ সময় তাকে মারধরও করা হয় বলে জানা গেছে। পরে মঙ্গলবার রাতেই বিজিবির মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল মুকিত বলেন, সীমান্তের ওপারে কয়েকজন যুবক অতিক্রম করলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এসময় তিনজন পালিয়ে এলেও একজন নিখোঁজ রয়েছেন। যারা এসেছেন তারা দাবি করছেন নিখোঁজ যুবককে গুলি করে মেরে ফেলে মরদেহ আটকে রেখেছে বিএসএফ।
তিনি বলেন, নিখোঁজ যুবককে ফেরত না দেওয়ায় গতকাল উত্তেজিত হয়ে স্থানীয়রা ভারতীয় একজন নাগরিককে তুলে নিয়ে আসেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী (টিপু) জানান, ‘ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে তুলে এনছিলেন। পরে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তাকে বিজিবির মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।’
তিনি বলেন, বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়টি সমাধান হয়নি। সে জীবিত নাকি মৃত সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, উত্তরকুল সীমান্ত এলাকার লোকজন দাবি করছেন সীমান্তের ওপারে একজনকে গুলি করে মারা হয়েছে। কিন্তু এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।
এ বিষয়ে জানতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার-এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি একটি জরুরি বৈঠকে আছেন এবং পরবর্তীতে এ বিষয়ে জানাবেন বলে জানান।
বিএসএফের গুলি, যুবকের মৃত্যু, ভারতীয় কৃষক, জকিগঞ্জ সীমান্ত, সীমান্ত উত্তেজনা, ডিপজল আহমদ