০২ জুন ২০২৬

অনিয়ম-দুর্নীতি

মালয়েশিয়াগামী কর্মীদের ভোগান্তি তদন্তে কমিটি

দোষী এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মন্ত্রী আরিফুল হকের

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২ জুন, ২০২৬ ১:২৮ অপরাহ্ন


সব প্রক্রিয়া সম্পন্ন করেও নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা হাজারো কর্মীর দুর্ভোগের ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে কর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


মঙ্গলবার (২ জুন) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


মন্ত্রী বলেন, মালয়েশিয়াগামী কর্মীদের শেষ মুহূর্তের ভোগান্তি, উড়োজাহাজের টিকিট সংকট এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশটিতে যেতে না পারার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


আরিফুল হক চৌধুরী বলেন, যেসব রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে অর্থ গ্রহণের পরও প্রতিশ্রুত সেবা দিতে ব্যর্থ হয়েছে কিংবা কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে।


তিনি আরও বলেন, শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, প্রয়োজন হলে দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে। কর্মীদের অর্থ ও ভবিষ্যৎ নিয়ে যারা অনিয়ম করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।


মন্ত্রী জানান, বিএমইটির ছাড়পত্র পাওয়ার পরও কতজন কর্মী মালয়েশিয়া যেতে পারেননি, তার একটি নির্ভুল তালিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এসব কর্মীর জন্য কী ধরনের সহায়তা দেওয়া যায়, সেটিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিষয়টি নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিশেষ পরিস্থিতি বিবেচনায় বঞ্চিত কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি বা সময়সীমা বাড়ানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।


অভিবাসন খাতে কোনো ধরনের সিন্ডিকেট বা প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ খাতকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।


মন্ত্রী আরও বলেন, শেষ সময়ে অনেক কর্মী অতিরিক্ত অর্থ ব্যয় করে টিকিট সংগ্রহ করলেও ফ্লাইটসংকটের কারণে মালয়েশিয়ায় যেতে পারেননি। আবার অনেক ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলো সময়মতো টিকিট নিশ্চিত না করায় কর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এসব ঘটনায় এজেন্সিগুলোর দায়িত্ব ও ভূমিকা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

মালয়েশিয়াগামী কর্মী, প্রবাসী কর্মীদের ভোগান্তি, রিক্রুটিং এজেন্সি, লাইসেন্স বাতিল, আরিফুল হক চৌধুরী, মালয়েশিয়া শ্রমবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ