জাতিসংঘের অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের জয়
বিশ্বজুড়ে
প্রকাশঃ ২ জুন, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৯৯টি ভোট পেয়ে জয়লাভ করেছেন। আগামী এক বছর তিনি বিশ্বসংস্থার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।
নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন ৯১টি ভোট।
এই জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসলেন বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ৪০ বছর আগে, ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত কূটনীতিক ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী। তৎকালীন সময়ে পররাষ্ট্রসচিব ও পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন।
খলিলুর রহমান, জাতিসংঘ সাধারণ পরিষদ, ইউএনজিএ, বাংলাদেশ, কূটনৈতিক সাফল্য