০১ জুন ২০২৬

বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্যে সংঘাত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিত করল ইরান

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১ জুন, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন


লেবানন ও গাজায় চলমান সংঘাত এবং ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সব ধরনের পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত ঘোষণা করেছে ইরান। সোমবার (১ জুন) ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ‘তাসনিম’ এ তথ্য নিশ্চিত করেছে।

 

এর মাধ্যমে মধ্যস্থতাকারীদের সহায়তায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এতদিন যে যোগাযোগ ও নথিপত্র আদান-প্রদান চলছিল, তা আপাতত পুরোপুরি বন্ধ হয়ে গেল।

 

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান ‘অপরাধযজ্ঞ’ এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আলোচনা পুনরায় শুরু করতে হলে গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে ইরান।

 

২০০০ সালের পর এবারই প্রথম ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে এত গভীরে প্রবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

 

বর্তমান পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান ও তার মিত্ররা হরমুজ প্রণালি এবং লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালিসহ গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো ফের সম্পূর্ণ অবরুদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি সরবরাহের প্রধান এই পথগুলো বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

 

সূত্র: গালফ নিউজ


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

ইরান, যুক্তরাষ্ট্র, পরোক্ষ আলোচনা, গাজা যুদ্ধ, লেবানন সংঘাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ