২৭ জুলাই ২০২৬

দৈনন্দিন

৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: জি কে গউছ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৬ ৮:২০ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।’

 

রোববার (২৬ জুলাই) দুপুরে হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

জি কে গউছ বলেন, ‘পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্তির একমাত্র উপায় গাছ লাগানো। গাছ যেন কেউ নিধন করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

 

হবিগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক।

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

 

মেলায় ১৫টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, বৃক্ষমেলা, বৃক্ষরোপণ অভিযান, জি কে গউছ, বন বিভাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ