২৩ জুলাই ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে ২৪ ঘণ্টায় আরও ৩ ডেঙ্গু রোগী শনাক্ত, চলতি বছরে আক্রান্ত ৯৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ১:৪৮ অপরাহ্ন


সিলেট বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে।


বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের বৃহস্পতিবার প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া তিনজনের মধ্যে দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে চারজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত শনাক্ত ৯৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে সর্বোচ্চ ৪৬ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া সিলেট জেলায় ১৯ জন, সুনামগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারে ৯ জন রোগী শনাক্ত হয়েছেন। অন্য জেলার তিনজন রোগী সিলেট বিভাগের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে—এমন আশঙ্কায় মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেটে ডেঙ্গু, সিলেট ডেঙ্গু পরিস্থিতি, ডেঙ্গু আক্রান্ত ৯৪, সিলেট স্বাস্থ্য অধিদপ্তর, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ ডেঙ্গু, সুনামগঞ্জ ডেঙ্গু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ