৩১ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

ফসলি জমিতে গরু ঢুকিয়ে নষ্টের অভিযোগ, প্রতিবাদ করায় কৃষককে প্রাণনাশের হুমকি

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে এক কৃষকের ফসলি জমিতে গরু ঢুকিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী কৃষক ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে ভুক্তভোগী কৃষক জগন্নাথপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।


ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের কৃষক রমিজ আলীর জমিতে একই গ্রামের শহিদুল ইসলাম, মামুন ও শামিমের ১০-১২টি গবাদিপশু ঢুকে পড়ে। এতে তার প্রায় তিন কেয়ার জমির ফসল—সিসিন্দা, কাঁচা মরিচ, নালিতা শাক ও বেগুনসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। এতে তার আনুমানিক প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।


রমিজ আলীর অভিযোগ, অভিযুক্তরা নিজেরাই জমির পাশে অবস্থান নিয়ে গরুগুলো তার ফসলি জমিতে প্রবেশ করায় এবং পুরো ফসল বিনষ্ট করে। পরে তিনি প্রতিবাদ করলে তারা মারমুখী আচরণ করেন এবং তার পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেন।


এ বিষয়ে ভুক্তভোগী কৃষক রমিজ আলী বলেন, অনেক কষ্ট আর ধারদেনা করে এই ফসল করেছি। শহিদুল ইসলাম, মামুন ও শামিমদের গরু দিয়ে আমার ফসল নষ্ট করা হয়েছে। প্রতিবাদ করায় এখন আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চাই। নিরাপত্তার জন্য থানায় ও ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।


এ ঘটনায় এলাকায় সাধারণ কৃষক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, গবাদিপশু নিয়ন্ত্রণহীনভাবে ছেড়ে দেওয়ার কারণে প্রায়ই কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


তবে এ ঘটনায় অভিযুক্ত শামিম আহমেদ সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।


পাইলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজুউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে রমিজের ফসলের ক্ষতি করা হচ্ছে। আজও ঘটনা ঘটেছে। আমি শহিদুল ইসলামসহ সবাইকে ডেকেছিলাম, তারা আসেনি।


জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর কৃষক, পাইলগাঁও ইউনিয়ন, গরু দিয়ে ফসল ক্ষতি, কৃষককে হুমকি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ