১৯ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

কানাইঘাটে ভ্যানগাড়ির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু, চালক গ্রেপ্তার

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ১৯ মে, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী ছবি

সিলেটের কানাইঘাটে ব্যাটারিচালিত পানিবাহী ভ্যানগাড়ির ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৮ মে) দুপুরে কানাইঘাট পৌরশহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু পৌরশহরের একটি প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

পুলিশ জানায়, এ ঘটনায় নিহত শিশুর বাবা অশেষ দাস বাদী হয়ে ভ্যানচালক সুফিয়ান আহমদকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সুফিয়ান আহমদ (২৬) পৌরসভার বায়মপুর গ্রামের বশির আহমদের ছেলে।

 

নিহত ওই শিক্ষার্থীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। সে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কুওরঘড়ি গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর দেড়টার দিকে স্কুল ছুটির পর বের হওয়ার সময় একটি পানিবাহী ব্যাটারিচালিত ভ্যানগাড়ি অভি দাসকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

 

দুর্ঘটনার পর স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি আইনি হেফাজতে রয়েছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট, শিশু শিক্ষার্থীর মৃত্যু, ভ্যানগাড়ি দুর্ঘটনা, সিলেট দুর্ঘটনা, চালক গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ