১৯ মে ২০২৬

দৈনন্দিন

কানাইঘাটে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট 

প্রকাশঃ ১৯ মে, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন


‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ —এই প্রতিপাদ্য সামনে রেখে সিলেটের কানাইঘাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ভূমিসেবাপ্রত্যাশী এবং সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

র‍্যালি শেষে ভূমি অফিসের সামনে স্থাপিত সেবা কেন্দ্রে তিন দিনব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহদী হাসান শাকিল।

 

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ডিজিটাল ভূমিসেবা ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ে এক জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষারের সঞ্চালনায় আলোচনা সভায় ইউএনও মেহদী হাসান শাকিল বলেন, বর্তমান সরকার সব ধরনের ভূমি সেবা সহজ করতে এবং ডিজিটাল ভূমি সেবা ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ভূমি সেবা প্রাপ্তিগণ অনলাইনের মাধ্যমে নামজারি, ই-নামজারি, শুনানি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ সকল সেবা, কোনো দালাল বা মধ্যস্থতাকারী লোক না ধরে ঘরে বসে সকলেই করতে পারেন। মূলত এসব জানার জন্য এবং সবাইকে সচেতন করার জন্যই এই ভূমিসেবা মেলা শুরু হয়েছে।

 

সভায় ভূমি সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সুবল চন্দ্র বর্মন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, ভূমিসেবাপ্রাপ্তিদের মধ্যে চিত্রশিল্পী ভানু লাল দাস, শ্যামল কুমার দাস এবং জাহাঙ্গীর আলম প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট, ভূমিসেবা মেলা, ডিজিটাল ভূমিসেবা, সিলেট, ভূমি ব্যবস্থাপনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ