দেশেই ৫ হাজার কোটি টাকার মৎস্য ও প্রাণিসম্পদের ভ্যাকসিন উৎপাদন সম্ভব: সিকৃবি উপাচার্য
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৯ মে, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য ও খ্যাতিসম্পন্ন অণুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, ‘প্রতি বছর বাংলাদেশে ৫ হাজার কোটি টাকার ভ্যাকসিন আমদানি করা হয়। অথচ সরকারি ও বেসরকারি পর্যায়ে সময়োপযোগী উদ্যোগ নিলে মৎস্য ও প্রাণিসম্পদের ভ্যাকসিনের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।’
মঙ্গলবার (১৯ মে) ঢাকায় বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: বাংলাদেশের কৃষির টেকসই উন্নয়ন’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি একথা বলেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
তিনি জানান, ইতোমধ্যে তার উদ্যোগে ১২টি ভ্যাকসিন উদ্ভাবন ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাজারজাত করা হয়েছে। সরকারিভাবে ভ্যাকসিন উৎপাদন করলে দেশের স্বার্থে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিতে প্রত্যয় ব্যক্ত করেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, পণ্যের চাহিদার পরিমাণ উৎপাদনকারীরা না জানায় একদিকে যেমন সমস্যা, ঠিক তেমনি ভোক্তাও সঠিক দামে পণ্য কিনতে পারছেন না। কৃষককে বাঁচাতে কয়েক হাজার মিনি কোল্ডস্টোরেজ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। এতে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। বাজেটের অপচয় না হলে যে বাজেট বরাদ্দ হয় তা দিয়েও কৃষির উন্নয়ন সম্ভব বলেও জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পশুর ভ্যাকসিন আমদানিতে নির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদন করা হবে। এছাড়াও পোল্ট্রিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার কোনোভাবেই করতে দেয়া হবে না।
অনুষ্ঠানে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৩ লাখ কোটি টাকার মধ্যে ১০ হাজার ৮৪৩ কোটি টাকা রাখা হয়েছে কৃষিতে-এ কথা জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে কাজ করছে সরকার এবং আগামী ২০৩৫ সালের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে। একটি ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণে কাজ করছে বর্তমান সরকার-এ কথা জানিয়ে জোনায়েদ সাকি বলেন, কৃষির রুপান্তরের মাধ্যমে প্রান্তিক কৃষকদের নানামুখী সংকট উত্তরণেও কাজ করা হবে।
সেমিনারে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি মো. আহসানুজ্জামান লন্টু সভাপতিত্ব করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর প্রফেসর ড. গোলাম হাফিজ কেনেডি এবং প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান।
কৃষির টেকসই উন্নয়ন, ভ্যাকসিন উৎপাদন, মৎস্য ও প্রাণিসম্পদ, জাতীয় সেমিনার, বাংলাদেশ কৃষি অর্থনীতি