০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

কুলাউড়ায় বিএনপির সম্মেলনে হামলা, ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ২৬ মে, ২০২৫ ৫:০৪ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক জাতীয় পার্টি ও মহাজোট সমর্থিত এমপি নবাব আলী আব্বাস খানের ভাই নবাব আলী তকী খানসহ পৃথিমপাশা বিএনপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির সম্মেলন ও কাউন্সিলে হামলা-ভাংচুর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলা এবং সম্মেলন পণ্ড করার অভিযোগে এই নোটিশ জারি করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতৃবৃন্দ হলেন, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নবাব আলী তকী খান, এমপির ঘনিষ্ঠ আজমল হোসেন চৌধুরী বাতেন, আব্বাস আলী মেম্বার, বিএনপির সদস্য শেখ মোহাম্মদ আলী ও মো. শামছুল ইসলাম।

রোববার (২৫ মে) উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান ও যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান তিন দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার সময় বেধে এই নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, ২৩ মে শুক্রবার পৃথিমপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলাকালে অভিযুক্ত নেতারা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নিয়ে হামলা চালিয়ে কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে হেনস্থা করেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলে এবং কাউন্সিল পণ্ড করে দেন।

নোটিশের কপি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জি কে গউছ, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনকে সরবরাহ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ২৩ মে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৃথিমপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির নেতা ও ইউনিয়ন কাউন্সিলের সমন্বয়কারী আলমগীর হোসেন ভুঁইয়া প্রধান অতিথি ছিলেন। কাউন্সিল শুরু হয় উপজেলা বিএনপির নেতা আকদ্দস আলী মাস্টার, মঈনুল হক বকুল ও আবু সুফিয়ানসহ অন্য নেতৃবৃন্দের উপস্থিতিতে।
হঠাৎ জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নবাব আলী আব্বাস খানের পুত্র নবাব আলী হাসিব খান ও যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল আহমেদ রব্বানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এসে কাউন্সিলে বাধা সৃষ্টি করে। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ায় কাউন্সিল স্থগিত করে প্রধান অতিথিসহ উপজেলা বিএনপির নেতারা কুলাউড়ায় ফিরে যান।

নবাব আলী হাসিব খান অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির কয়েকজন নেতা টাকার বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন করেছেন। ফলে সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতিবাদ করেছে। তিনি আরও বলেন, 'এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের নিয়ে ভবিষ্যতেও কোনো দলীয় কার্যক্রম চালানো হলে প্রতিহত করা হবে।'

পৃথিমপাশা ইউনিয়নের উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক আলমগীর হোসেন ভুঁইয়া এই ঘটনার জন্য সাবেক এমপি নবাব আলী আব্বাস খানের পরিবারের সদস্যদের দায়ী করে বলেন, 'নবাব আলী তকী খান ও তার ছেলে আলী হাসিব খান পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন। এজন্যই কাউন্সিল স্থগিত করতে হয়েছে।'


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

কুলাউড়া বিএনপি নোটিশ, নবাব আলী তকী খান, পৃথিমপাশা বিএনপি সংঘর্ষ, বিএনপি কাউন্সিল হামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ