১৩ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সবুজ সিলেট গড়ার প্রত্যয়ে বাইশটিলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ৫:২২ অপরাহ্ন


জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির আওতায় সিলেট জেলা পরিষদের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার বাইশটিলায় জেলা পরিষদ পরিচালিত 'ন্যাচারাল পার্ক'-এ উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা দেশের ইতিহাসে পরিবেশ রক্ষায় মাইলফলক হয়ে থাকবে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বনভূমির পরিমাণ বৃদ্ধি পাবে এবং কার্বন নিঃসরণ হ্রাসে যুগান্তকারী ভূমিকা রাখবে।

আবুল কাহের চৌধুরী শামীম আরও জানান, জেলা পরিষদের উদ্যোগে সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগালেই হবে না পরিচর্যা নিশ্চিত করতে হবে, তবেই এই উদ্যোগ টেকসই রূপ পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, সহকারি প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন, উপসহকারী প্রকৌশলী সূর্য সেন রায়, প্রশাসনিক কর্মকর্তা এ কে এম কামারুজ্জামান মাসুম, প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমদসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জেলা পরিষদ, বৃক্ষরোপণ, আবুল কাহের চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ