১৫ জুন ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সিলেটে চোর সন্দেহে ফেসবুক লাইভে যুবককে মারধর, ইউপি সদস্যকে থানায় তলব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ১২:০৮ অপরাহ্ন

ছবিঃ চোর সন্দেহে বুকে পাড়া দিয়ে শাস্তি দিচ্ছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ সদর ইউপির সদস্য জয়নাল আহমদ।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে আটক এক যুবককে ফেসবুক লাইভে মারধরের ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্যকে থানায় তলব করেছে পুলিশ। প্রশাসনও ঘটনাটি খতিয়ে দেখছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। চুরির অভিযোগে আটক এক যুবককে স্থানীয় লোকজন ইউপি সদস্য জয়নাল আহমদের কাছে নিয়ে যান। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফেসবুক লাইভে এনে শাস্তি দেওয়ার ঘটনা ঘটে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবককে সামনে বসিয়ে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন ইউপি সদস্য জয়নাল আহমদ। তিনি বলেন, এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। চোরদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হলেও তারা অল্প সময়ের মধ্যেই ফিরে এসে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।


ভিডিওতে তাকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, প্রয়োজনে ব্যক্তিগত ক্ষতি হলেও তিনি গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান। একপর্যায়ে হাতে থাকা প্লাস্টিকের পাইপ দিয়ে ওই যুবককে আঘাত করতেও দেখা যায়।


স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। পানির মোটর, বৈদ্যুতিক তার, গবাদিপশু ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ রয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার রাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা ইউপি সদস্যের কাছে নিয়ে যান।


অভিযোগের বিষয়ে ইউপি সদস্য জয়নাল আহমদ বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় একটি সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে। বারবার থানায় অভিযোগ দেওয়ার পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে অভিযুক্তদের ডেকে সতর্ক করা হয়েছে। তার দাবি, চোরচক্রের সদস্যরা শুধু চুরিই নয়, মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।


তবে ফেসবুক লাইভে মারধরের ঘটনাকে সমর্থন করেননি তিনি। এ জন্য দুঃখ প্রকাশ করে বলেন, উদ্দেশ্য ছিল অভিযুক্তদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা। কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেও সহযোগিতা করা হবে।


এদিকে ঘটনাটি নিয়ে আইনগত প্রশ্নও উঠেছে।


ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল করিম বলেন, কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ইউপি সদস্যকে থানায় ডাকা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা এবং ঘটনার সার্বিক প্রেক্ষাপট যাচাই করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনও বিষয়টি পর্যবেক্ষণ করছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ফেঞ্চুগঞ্জ, ফেঞ্চুগঞ্জ সংবাদ, সিলেট সংবাদ, ইউপি সদস্য, ফেসবুক লাইভ, মারধর, চুরির অভিযোগ, ভাইরাল ভিডিও, ফেঞ্চুগঞ্জ থানা, জয়নাল আহমদ, আইন নিজের হাতে, সিলেট অপরাধ, স্থানীয় সরকার, মানবাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ