১৫ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

ভারী বৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জে বন্যার পূর্বাভাস

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৪ জুন, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

ভারী বৃষ্টির কারণে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রোববার (১৪ জুন) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। উজানে ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় প্রদেশে মাঝারি-ভারি থেকে ভারি এবং চতুর্থ ও পঞ্চম দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী একদিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী চার দিন বৃদ্ধি পেতে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, গঙ্গা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। একই সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

এ সময়ে নদীগুলো সিলেট ও সুনামগঞ্জ জেলার সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
অন্যান্য অববাহিকার তথ্য

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীগুলোর পানি সমতল হ্রাস পেয়েছে, অপরদিকে দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। নদীগুলোর পানি সমতল আগামী একদিন স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিন বৃদ্ধি পেতে পারে। ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও কংস নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ভুলাই নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, ওই নদীগুলোর পানি সমতল আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে।

এছাড়া সিলেট বিভাগের সারিগোয়াইন ও যাদুকাটা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে মনু, ধলাই ও খোয়াই নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। এ সময় খোয়াই নদী হবিগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের গোমতী ও সেলোনিয়া নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং ফেনী নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। নদীগুলোর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, বন্যা, সুনামগঞ্জ, পানি উন্নয়ন বোর্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ