১৪ মে ২০২৬

রাজনীতি / সরকার

দুই মাসের মধ্যেই আসছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ১২:১৪ অপরাহ্ন



যুক্তরাষ্ট্র সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। আগামী দুই মাসের মধ্যেই এই কার্ড চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

গেল রবিবার (১০ মে) নিউইয়র্কে আয়োজিত একাধিক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আরও উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেও সরকার এই কার্ড চালুর পরিকল্পনা নিয়েছে।

মন্ত্রী জানান, ‘প্রবাসী কার্ড’ধারীরা বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা পাবেন। দেশে অবস্থানকালে তাদের ব্যক্তিগত নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায়ও বিশেষ সহায়তা দেওয়া হবে। এছাড়া যারা বেশি পরিমাণ বৈধ রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য অতিরিক্ত লজিস্টিক সুবিধা ও বিশেষ সহায়তার ব্যবস্থাও থাকবে।

জাতিসংঘের আন্তর্জাতিক মাইগ্রেশন রিভিউ ফোরামে অংশ নিতে নিউইয়র্ক সফরে যাওয়া মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, সরকার এখন প্রবাসীবান্ধব নীতি অনুসরণ করছে। বিদেশে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার কাজ করছে।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ সোসাইটি আয়োজিত মতবিনিময় সভায় প্রবাসীরা বিমানবন্দরে হয়রানি বন্ধ, ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের জানমালের নিরাপত্তা, বিনিয়োগের সুরক্ষা এবং দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, অতীতের সব ভেদাভেদ ভুলে সম্প্রীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, বিদেশগামী কর্মীদের সর্বস্বান্ত করা ম্যানপাওয়ার ব্যবসার সিন্ডিকেট চিহ্নিত করা হয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রবাসীদের বিনিয়োগে প্রতারণার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্লট ও জমি বিক্রির নামে প্রবাসীদের অর্থ আত্মসাৎকারী ভূমিদস্যুদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এ বিষয়ে দ্রুতই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় বাবরুল হোসেন আরিফুল হক চৌধুরীকে ‘সিলেট রত্ন’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, কর্মী থেকে জাতীয় নেতায় পরিণত হওয়ার মাধ্যমে তিনি সিলেটবাসীর গর্বে পরিণত হয়েছেন। তার এ প্রস্তাবে উপস্থিত প্রবাসীরা করতালির মাধ্যমে সমর্থন জানান।

এর আগে সভার শুরুতে আতাউর রহমান সেলিম বলেন, বাংলাদেশ সোসাইটি একটি অরাজনৈতিক সংগঠন এবং এটি সকল প্রবাসীর সংগঠন। তিনি সভায় রাজনৈতিক বক্তব্য পরিহারের আহ্বান জানান।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রবাসীদের পক্ষে ৯ দফা দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল—বিমানবন্দরে হয়রানি বন্ধ, মরদেহ বিনা খরচে দেশে পাঠানো, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি, কনস্যুলার সেবার মানোন্নয়ন, ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।

অন্যদিকে ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা আয়োজিত আরেক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ দীর্ঘদিন অবহেলিত থাকলেও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ। এলাকার উন্নয়নে ধাপে ধাপে কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কারী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এখন থেকে শুধু টিকিটের খরচে কর্মীরা বিদেশ যেতে পারবেন বলেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে টিকে থাকতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। পাশাপাশি বিমানবন্দরে লাগেজ কাটাছেঁড়া ও অহেতুক হয়রানি বন্ধে সরকার ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

যুক্তরাষ্ট্র, আরিফুল হক চৌধুরী, মন্ত্রী, সরকার, প্রবাসী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ