সিলেটে সড়ক দুর্ঘটনা: পুলিশ সদস্যের চোখে সেই বিভীষিকাময় মুহূর্ত
দৈনন্দিন
প্রকাশঃ ৩ মে, ২০২৬ ২:৪০ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে স্বামীকে হারিয়ে প্রাণে বেঁচে গেছেন খাদিজা। নির্মাণ শ্রমিক দম্পতির এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
রোববার (৩ মে) সকাল ৬টার দিকে কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন এবং গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে খাদিজার স্বামী বদরুল (৩০) রয়েছেন। তিনি সিলেটের জালালাবাদ থানার বাসিন্দা সুজাত আলীর ছেলে।দুর্ঘটনার সময় একই গাড়িতে থাকা খাদিজা গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।
জানা যায়, তারা স্বামী-স্ত্রী দুজনেই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন এবং প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আম্বরখানা এলাকা থেকে এক বাড়ির মালিক তাদেরকে ঢালাই কাজ করার জন্য নিয়ে যাওয়ার পথেই ঘটে যায় ভয়াবহ এই দুর্ঘটনা। মুহূর্তেই খাদিজার জীবনে নেমে আসে অন্ধকার একদিকে নিজের আহত শরীর, অন্যদিকে স্বামীর নিথর দেহ। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর।
এছাড়া খাদিজা ও বদরুলের সংসারে রয়েছে তিন ছেলে ও এক কন্যা সন্তান। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় হঠাৎই কেঁদে উঠেন আবার কখনো অপলক সন্তানদের দিয়ে থাকিয়ে থাকেন।
নিহত বদরুলের ছোটভাই আলাউর মিয়া বলেন, ভাই-ভাবী একসঙ্গে কাজ করতে। আজকেও একসাথেই কাজে গিয়েছিল। তবে রাস্তায় সড়ক দুর্ঘটনায় আমার বড় ভাই মারা যান। শুনেছি পিকআপে ঢালাইয়ের কাজ করার মেশিন ছিল যখন ট্রাক উল্টে যায় সেটি আমার ভাইয়ের উপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই আমার ভাইয়ের মৃত্যু হয়। তার ঘরে চার সন্তান এখন তাদের কি হবে তাদের সংসার কিভাবে চলবে।
এদিকে ডাক্তার কথা বলতে মানা করলেও ধীরে ধীরে খাদিজা বলেন, আজকে সকালে চা খেয়ে এক সাথে আমরা বের হয়েছিলাম, উনার পাশেই আমি বসে ছিলাম যখনই ট্রাকে আঘাত করল তখনি উনি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন তারপর আর কিছু বলতে পারিনা।
এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আটজন মারা গিয়েছেন ৪ জন স্পটে আর বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া যারা এই দুর্ঘটনায় আহত রয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থাটা আমরা আগে করছি। সবার আগে তাদের প্রাথমিক চিকিৎসা তারপর প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য যা করা প্রয়োজন সবই করা হবে বলেও জানান তিনি।
সিলেট সড়ক দুর্ঘটনা, তেলিবাজার দুর্ঘটনা, শ্রমিক নিহত সিলেট, দক্ষিণ সুরমা খবর, ট্রাক পিকআপ সংঘর্ষ