উত্তরাধিকার সূত্রে অনেক অব্যবস্থাপনা পেয়েছি, তা মোকাবেলা করছি: বাণিজ্যমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৬ ৩:১১ অপরাহ্ন
গ্যাস সংকটে দেশে লোডশেডিং বেড়েছে বলে জানালেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। এই পরিস্থিতির জন্য আগের সরকারের রেখে যাওয়া সমস্যাকে দায়ী করলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের বয়স মাত্র দুই মাস। কিন্তু উত্তরাধিকার সূত্রে অনেক অব্যবস্থাপনা ও অরাজকতা পেয়েছি, তা এখন মোকাবেলা করতে হচ্ছে।
মন্ত্রী জানান, দেশে বিদ্যুৎ উৎপাদন এখনো মূলত গ্যাসনির্ভর। দেশীয় উৎপাদন মাত্র ১৭ মিলিয়ন ঘনফুট, বাকি ৯ মিলিয়ন ঘনফুট বাইরে থেকে আমদানি করতে হয়। অর্থের সংস্থান থাকলেও নানা জটিলতায় চাহিদামতো গ্যাস আনা সম্ভব হচ্ছে না। এর ফলেই লোডশেডিং বাড়ছে বলে তিনি জানান।
সমাধানের পথ বাতলে দিয়ে মন্ত্রী বলেন, এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণে শিগগিরই টেন্ডার ডাকবে জ্বালানি মন্ত্রণালয়। পাশাপাশি বৈশ্বিক সংকটে জ্বালানি খাত যাতে জিম্মি না হয়, সে জন্য অগ্রাধিকার ভিত্তিতে স্টোরেজ নির্মাণেরও পরিকল্পনা রয়েছে সরকারের।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সিলেট, বাণিজ্যমন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির, পরিদর্শন