২৩ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা

মুরারিচাঁদ কলেজে প্রতি আসনে লড়বেন ৪ জন শিক্ষার্থী

মিফতা হাসান

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন


জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এবছর ২ হাজার ১৯০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন গড়ে চারজন শিক্ষার্থী। 

 

এদিকে, ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করে আসনবিন্যাসও প্রকাশ করেছে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কলেজ ক্যাম্পাসসহ মোট চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

 

কলেজ ক্যাম্পাস ছাড়া অন্য তিনটি কেন্দ্র হলো-সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ও আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ। 

 

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, এবছর ভর্তি পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪ হাজার ৬৪১ জন, মানবিক বিভাগের ৩ হাজার ৩৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৩৬১ জন। 

 

পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে এমসি কলেজসহ চারটি ভেন্যুতে সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। 

 

এমসি কলেজের ২০২৫-২৬ বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী বলেন, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমসি কলেজে ২ হাজার ১৯০ আসনের বিপরীতে সবমিলিয়ে ৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী আবেদন করেছে। কলেজ ক্যাম্পাসসহ মোট চারটি কেন্দ্রের ১৮২টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ 

 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন সিলেট ভয়েসকে বলেন, ‘ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যাবতীয় তথ্য ও আসনবিন্যাস কলেজের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।    

 

দেখে নিন কোন কেন্দ্রে কার আসন


ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানায়, বিজ্ঞান বিভাগের ২১৩৭০০১-২১৩৭৯১১ রোল, মানবিকের ৪২১৬১৫৩-৪২১৯৫৪৮ রোল এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৬০৮৫৩২২-৬০৮৫৬৭২ নম্বরের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা এমসি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

 

তাছাড়া ২১৩৩২৭১-২১৩৪৭৩০ রোল নম্বরের শিক্ষার্থীদের পরীক্ষা শিবগঞ্জ সাদিপুর এলাকার সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ২১৩৪৭৩১-২১৩৬১৭০ রোলধারীদের পরীক্ষা মিরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে এবং ২১৩৬১৭১-২১৩৭০০০ রোল নম্বরের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা মেজরটিলা এলাকার আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে সকল তথ্য দেওয়া আছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়, মুরারিচাঁদ কলেজ, স্নাতক প্রথম বর্ষ, ভর্তি পরীক্ষা-২০২৬

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ