২৪ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৬ ১:২৮ অপরাহ্ন


সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সত্ত্বেও দেশের সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই। তাঁর মতে, সরকার হিসেব-নিকেশ করেই সীমিত মাত্রায় দাম বাড়িয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কম থাকে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলা-এর মাসুকগঞ্জ বাজার এলাকায় বাসিয়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে ডিজেলের দাম প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা প্রতিবেশী অনেক দেশের তুলনায় এখনো কম। এই সীমিত বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় কিছুটা বাড়লেও তা পণ্যমূল্যে বড় ধরনের প্রভাব ফেলবে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি ট্রাক ২০০ কিলোমিটার পণ্য পরিবহন করলে প্রতি কেজি পণ্যের দাম গড়ে প্রায় ৩০ পয়সা বাড়তে পারে যা সামগ্রিক মূল্যস্ফীতিকে তেমন প্রভাবিত করবে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হলেও সরকার চেষ্টা করছে এর চাপ যেন সরাসরি জনগণের ওপর না পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে আগামী ২ মে তারেক রহমান সিলেটে বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন বলে জানানো হয়। এর প্রস্তুতি পর্যবেক্ষণ করতেই মন্ত্রী ওই এলাকা পরিদর্শনে যান।

বাসিয়া খাল প্রকল্প সম্পর্কে মন্ত্রী বলেন, খালটির মোট দৈর্ঘ্য প্রায় ৪০ কিলোমিটার হলেও প্রথম ধাপে ২৩ কিলোমিটার খনন করা হবে। এটি ওসমানীনগর উপজেলা হয়ে জগন্নাথপুর উপজেলা পর্যন্ত বিস্তৃত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়ার ফলে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।

সিলেটে বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কিছু পূর্ববর্তী সমস্যা ও অব্যবস্থাপনার মুখোমুখি হয়েছে। দেশের বিদ্যুৎ উৎপাদন এখনো অনেকাংশে গ্যাসনির্ভর উল্লেখ করে তিনি জানান, স্থানীয় উৎপাদনের পাশাপাশি আমদানির ওপরও নির্ভর করতে হচ্ছে। তবে বিভিন্ন জটিলতার কারণে প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহে ঘাটতি থাকায় লোডশেডিং বেড়েছে। সরকার এ সমস্যা সমাধানে কাজ করছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদীর, জ্বালানি তেল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ