সিলেটে জ্বালানি তেলের রেশনিং বাতিল
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১৪ মার্চ, ২০২৬ ১১:১১ অপরাহ্ন
সিলেটে জ্বালানি তেলের সরবরাহ সংকটের কারণে চালু হওয়া রেশনিং ব্যবস্থা বাতিল করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দিনভর আলোচনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। এর ফলে এখন থেকে সিলেটে স্বাভাবিক হারে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
শনিবার সকালে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি, সিলেট বিভাগের একটি প্রতিনিধি দল বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আজিম।
এসময় তারা সিলেটে জ্বালানি সরবরাহে বিপিসি সৃষ্ট জটিলতা এবং এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।
পরে মন্ত্রী সংশ্লিষ্ট তিনটি জ্বালানি বিপণন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন এবং বিষয়টি নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে সিলেটের সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেটে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর ফলে এখন থেকে সিলেটে নিয়মিত হারে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হবে।
পেট্রোল পাম্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম বলেন, ‘মন্ত্রী আমাদের সাথে বসলেন, শুনলেন এবং সমাধান করলেন। কথা কম, কাজ বেশি রাজনীতি এমনই হওয়া উচিত।’
এদিকে সিলেটের সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মন্ত্রীর এই বলিষ্ঠ হস্তক্ষেপে সিলেটের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের স্থবিরতা থেকে রক্ষা পেল।
জ্বালানি তেল, রেশলিং বাতিল, বাণিজ্যমন্ত্রী