সুনামগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানাতে হটলাইন চালু
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৬ ৮:২০ অপরাহ্ন
টানা কয়েকদিনের বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় ফসল তলিয়ে যাওয়ায় উদ্বেগ বেড়ে চলেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলার কৃষকদের মাঝে। এরমধ্যে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় টানা চার দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একদিকে জলাবদ্ধতা অন্যদিকে বিদ্যুৎ বিচ্ছন্ন— সব মিলিয়ে চরম দুর্ভোগে দিন পোহাচ্ছেন শাল্লা উপজেলার বাসিন্দারা।
জানা গেছে, গত ২৬ এপ্রিল বিকেলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দিরাই-শাল্লা বিদ্যুৎ লাইনের বিভিন্ন অংশে অন্তত ২০টি খুঁটি ভেঙে পড়ে। এরপর থেকে উপজেলা সদর, ঘুঙ্গিয়ারগাঁও বাজার, ডুমরা ও কলাকান্দিসহ বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।
এদিকে বিদ্যুৎ না থাকায় এসব গ্রামগুলোর নেটওয়ার্ক সেবাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকায় উপজেলা সদরের অন্তত দেড় হাজার গ্রাহকসহ স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। অন্ধকারে রয়েছে স্কুল-কলেজ, হাসপাতাল ও ব্যবসাপ্রতিষ্ঠান। প্রয়োজন মেটাতে জরুরিভিত্তিতে উপজেলা প্রশাসন জেনারেটর চালিয়ে সীমিত কার্যক্রম চালালেও সাধারণ মানুষ রয়েছেন চরম দুর্ভোগে।
শাল্লা উপজেলার সদরের ব্যবসায়ী শাহরিয়ার নাইম বলেন, ‘চারদিন ধরে বিদ্যুৎ নেই, দোকানে তিনটি বড় বড় ফ্রিজ রয়েছে। ফ্রিজিং করা কোন ধরনের মালামাল রাখা যাচ্ছে না। প্রতিদিনই কাস্টমার এসে ঘুরে যাচ্ছেন। কবে বিদ্যুৎ সংযোগ চালু হবে তাও সঠিকভাবে জানা যাচ্ছে না। চারদিন ধরে খুব বিপদেই আছি।’
স্টুডিও ব্যবসায়ী সৌরভ চন্দ্র দাস বলেন, ‘বিদুৎ না থাকায় ব্যবসা পুরোপুরি বন্ধ রয়েছে। এই সমস্যা প্রতিনিয়তই হয়ে আসছে। তাই খুব দ্রুত এর একটা স্থায়ী সমাধান হওয়া জরুরি।’
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, ‘জরুরি গুরুত্বপূর্ণ কাজ জেনারেটর চালিয়ে করতে হচ্ছে। সকল গ্রাহকই ভোগান্তিতে পড়েছেন। পিডিপি কতৃপক্ষ জানিয়েছে ভেঙে যাওয়া খুঁটি মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলেই বিদুৎ সরবরাহ করা হবে।’
বিদুৎ উন্নয়ন বোর্ড দিরাই-শাল্লার আবাসিক প্রকৌশলী পরশুরাম তরফদার বলেন, ‘হাওরে বাড়িঘর না থাকায় ঝড়ে খুঁটিগুলো পড়ে যায়। আগামীকাল খুঁটিগুলো লাগানো হবে।’ এ সময় শনিবার বিকেল নাগাদ বিদুৎ পাওয়ার সম্ভাবনার কথা জানান তিনি।
তিনি আড়োও বলেন, ‘দিরাই-শাল্লার বিদুতের খুঁটিগুলোর দূরাবস্থার সার্বিক অবস্থা তার উর্ধতন কর্মকর্তারা অবগত। কিন্তু একসাথে এতো খুঁটি না পাওয়ায় পরিবর্তন করা সম্ভবত হচ্ছে না।’
শাল্লা বিদ্যুৎ, জলাবদ্ধতা, কৃষক সংকট, বিদ্যুৎ বিভ্রাট, সুনামগঞ্জ খবর