৩০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

জকিগঞ্জে শ্মশানের পবিত্রতা নষ্টের জেরে সংঘর্ষে আহত এক

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

ছবিঃ জকিগঞ্জ উপজেলার মানচিত্র। সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দাসগ্রামে শ্মশানের পবিত্রতা নষ্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি আহত হন এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

 

এদিকে আহত মনোজিৎ কুমার দাস (৪৬) জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

অভিযোগে বলা হয়, প্রতিবেশী বাবুল বিশ্বাস (৫২) ও তার ছেলে মনি বিশ্বাস (২৮)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছে। এর জেরে তারা বারবার মনোজিৎ কুমারের পূর্বপুরুষদের শ্মশানে অনধিকার প্রবেশ করে শ্মশানের ওপর ড্রেন নির্মাণ করে পবিত্রতা নষ্টের চেষ্টা করে আসছিল।

 

বৃহস্পতিবার সকালে শ্মশানের বেড়া ভাঙার চেষ্টা করলে মনোজিৎ দাস বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তাকে মারধর করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আহত হন এবং পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এর আগে একই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার মারধরের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। এ ঘটনায় মনোজিৎ কুমার দাস জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৬০/২০২৬ মামলা দায়ের করেন, যা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।  

 

স্থানীয়রা জানান, বিষয়টি একাধিকবার সালিশে মীমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জকিগঞ্জ, শ্মশান বিরোধ, মারধর, সিলেট সংবাদ, জমি বিরোধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ