০৩ মে ২০২৬

কৃষি

বৃষ্টির ছোঁয়ায় চাঙ্গা চা বাগান, শুরু হলো মৌসুমের প্রথম পাতা চয়ন

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ১৩ মার্চ, ২০২৬ ৯:০০ অপরাহ্ন


বসন্তের মাঝামাঝি সময়ে প্রথম বৃষ্টির ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পায় চা গাছ। আর সেই বৃষ্টিস্নাত পরিবেশেই শুরু হয় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ চা পাতার প্রথম ধাপের চয়ন। প্রথম বৃষ্টির পর কচি পাতার সুবাসে ভরে ওঠে চা বাগানগুলো।

শুক্রবার (১৩ মার্চ) সকালে প্রকৃতিতে দেখা দেয় আশীর্বাদের মতো প্রথম বৃষ্টি। এই বৃষ্টিকে ঘিরে মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে তৈরি হয় নতুন উদ্দীপনা ও কর্মব্যস্ততা। বৃষ্টির পরপরই বাগানজুড়ে শুরু হয় মৌসুমের প্রথম পাতা চয়ন।

চা বিশেষজ্ঞরা জানান, প্রথম বৃষ্টির পর চা গাছে যে কচি পাতাগুলো গজায় সেগুলোকে বলা হয় “ফার্স্ট ফ্লাশ” বা প্রথম ধাপের চা পাতা। এসব পাতা সবচেয়ে কোমল ও সুগন্ধি হওয়ায় এর মানও তুলনামূলক বেশি। এই পাতায় স্বাদ ও ঘ্রাণের বিশেষ বৈশিষ্ট্য থাকে, যা চা প্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

মৌলভীবাজারের রাজনগর চা বাগানে ভোরের আলো ফুটতেই শ্রমিকরা বাগানে নেমে পড়েন আনুষ্ঠানিক পাতা চয়নে। সাধারণত একটি কুঁড়ি ও দুটি পাতা “টু লিভস অ্যান্ড এ বাড” নিয়মে পাতা তোলা হয়, যাতে চায়ের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। শ্রমিকদের দক্ষ হাতে সারি সারি সবুজ গাছ থেকে তোলা হয় কচি পাতাগুলো।

চা বাগান সংশ্লিষ্টরা জানান, প্রথম বৃষ্টির পানিতে চা গাছ দ্রুত সতেজ হয়ে ওঠে। ফলে নতুন কুঁড়ি দ্রুত বের হয় এবং উৎপাদনও বাড়তে থাকে। এ সময় সংগ্রহ করা চা পাতা দিয়ে তৈরি চায়ের স্বাদ ও সুগন্ধ বাজারে আলাদা গুরুত্ব পায়।

রাজনগর চা বাগানের ব্যবস্থাপক শিহাব উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের চা শিল্পে এই মৌসুমের চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের উত্তর-পূর্বাঞ্চলের চা বাগান মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও সিলেট অঞ্চলে প্রথম বৃষ্টি স্নাত চা পাতা চয়নকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

তিনি আরও বলেন, প্রথম বৃষ্টির পর পাতা চয়ন শুরু হওয়াকে আমরা শুভ লক্ষণ হিসেবে দেখি। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে চায়ের উৎপাদন ভালো হওয়ার আশা করছি।

পাতা চয়নে অংশ নেওয়া নারী চা শ্রমিক বাসন্তী রবিদাশ বলেন, প্রথম বৃষ্টির এই স্নিগ্ধতায় নতুন মৌসুমের চা উৎপাদনের পথচলা শুরু হয়। আমরা চা গাছগুলোকে সন্তানের মতো লালন করার চেষ্টা করি।

রাজনগর চা বাগানের সহকারী সিনিয়র ব্যবস্থাপক জুয়েল আহমদ বলেন, আমাদের বাগানে বৃষ্টিস্নাত দিনে মৌসুমের প্রথম পাতা চয়ন শুরু হয়েছে। আশা করছি এ মৌসুমে উৎপাদন ভালো হবে।

এদিকে পাতা চয়নের সূচনায় রাজনগর চা বাগানের সমৃদ্ধি ও সফলতা কামনা করে মহান প্রভুর কাছে প্রার্থনা করেন বাগানের ইমাম ও পুরোহিত। এ সময় বিগত বছরে শ্রেষ্ঠ পাতা চয়নকারী ছয়জন শ্রমিকের হাতে পুরস্কার তুলে দেন বাগানের ব্যবস্থাপক শিহাব উদ্দিন চৌধুরী।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

সিলেট, মৌলভীবাজার, চা বাগান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ