সিলেটে ২৪ ঘণ্টায় ৯৪ মি.মি বৃষ্টিপাত, ফের ভারী বর্ষণের শঙ্কা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
সিলেটে গত ২৪ ঘণ্টায় ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
বুধবার (৫ আগস্ট) সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিস শাহ্ মো. সজীব হোসেনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এ ছাড়া দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৯২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর পরবর্তী সময়ে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৩২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।
বৃষ্টিপাত, আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা, আর্দ্রতা, সিলেটের আবহাওয়া