১৩ মার্চ ২০২৬

রাজনীতি / সরকার

জরুরি ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো দ্রুত শুরু করা হবে: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ মার্চ, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, একসঙ্গে সব উন্নয়ন কাজ করা সম্ভব নয়। তবে জরুরি ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো দ্রুত শুরু করা হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রয়োজনীয় কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ।

 

তিনি বলেন, দক্ষিণ সুরমাকে অবহেলার গ্লানি থেকে বের করে আনা এবং টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।

 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়ি পরিদর্শন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ সুরমা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এলাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর শ্বশুরবাড়ি হওয়ার কারণে গত ১৯ বছর এখানে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, খেলার মাঠ, খাল-বিল—সবখানেই চরম অবহেলার চিত্র দেখা গেছে।


পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ক কামালউদ্দিন, সিলেট মহানগর প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সংসদ হুইপ জিকে গউস, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এ সময় এম এ মালিক বলেন, প্রধানমন্ত্রী পূর্বে সিলেট সফরকালে বিভিন্ন উন্নয়ন ঘোষণা দিয়েছেন এবং জেলার ১৮টি আসনে সমর্থনের মাধ্যমে জনগণ সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তবে দক্ষিণ সুরমার বেশ কিছু এলাকা গত প্রায় ১৯ বছর ধরে অবহেলিত ছিল বলে তিনি দাবি করেন।

 

তিনি প্রতিমন্ত্রীর কাছে শিক্ষা, চিকিৎসা ও হাসপাতাল সুবিধা সম্প্রসারণ, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কালভার্ট, ব্রিজ ও ফেরিঘাট নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলে ধরেন। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

 

পরিদর্শনকালে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে স্বাগত ও ধন্যবাদ জানানো হয়। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দক্ষিণ সুরমার উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে।

 


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জরুরি প্রকল্প, মীর শাহে আলম, স্থানীয় প্রতিমন্ত্রী, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ