২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

শ্রীমঙ্গলে ছড়া থেকে বর্জ্য অপসারণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:২৮ অপরাহ্ন


পর্যটন নগরী শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন রাখা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ছড়া, রাস্তা ও কৃষিজমি থেকে পলিথিন, প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরতলীর ভূরভুড়িয়া ছড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন্দ, পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।


পরে এমপি শহরের বিভিন্ন পরিবারের মধ্যে বারবার ব্যবহারযোগ্য ব্যাগ বিতরণ করেন, যাতে প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য আলাদা করে সংরক্ষণ করা যায়। পলিথিনের ব্যবহার কমানো ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পর্যটন এলাকায় প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের জন্য পৃথক ডাস্টবিনও স্থাপন করা হয়েছে।


সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমপি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকে দেশ পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছেন। তার দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।’


তিনি জানান, তার নির্বাচনী এলাকা একটি গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। এই এলাকাকে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। সম্মিলিত সচেতনতার মাধ্যমেই একটি সুন্দর,গোছানো ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, যা চলমান থাকবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল বর্জ্য অপসারণ, ভূরভুড়িয়া ছড়া, মৌলভীবাজার-৪ এমপি, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিকবিরোধী কর্মসূচি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ