০২ মে ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই সিলেটের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ভোটাধিকার প্রয়োগে ভোটারদের এমন আগ্রহে মুখর হয়ে ওঠে কেন্দ্রগুলোর পরিবেশ।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে সিলেট-১ আসনের সারদা হল ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন। নির্ধারিত সময়ের আগেই নারী-পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে অপেক্ষা করতে থাকেন।


ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা বলেন, “২০০৮ সালের পর আজ আবার ভোট দিতে এসেছি। অনেক দিন পর নিজের ভোট নিজে দিতে পারছি—ভালো লাগছে।”


এদিকে, সিলেট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ভোট দিয়েছেন। সকাল ৮টায় শিবগঞ্জ স্কলার্সহোম কেন্দ্রে ভোট তিনি তার ভোট প্রদান করেন।


২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটি প্রথম সংসদ নির্বাচন। দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছিল ইসি।


এই নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি ১ লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।


সিলেটের ২ হাজার ৯৩৭টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ।  বিভাগের ১৯টি আসেনে এবার প্রতিদ্বন্দ্বিত করছেন ১০৫জন প্রার্থী।


সিলেট বিভাগে মোট ভোটার ৮৪ লাখ ৪৫ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৪৩ লাখ ১২ হাজার ১৫৭ জন,  নারী ভোটার রয়েছেন ৪১ লাখ ৩৩ হাজার ৪৭৫জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮০জন। এ বিভাগে মোট ভোট কেন্দ্র রয়েছে ২ হাজার ৯৩৭টি এবং ভোট কক্ষ রয়েছে ১৬ হাজার ৮৮০টি।


সিলেট জেলায় মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন,  নারী ভোটার রয়েছেন ১৪ লাখ ১৭ হাজার ৬১০জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩২জন। এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১ হাজার ১৬টি।


সুনামগঞ্জ জেলায় মোট ভোটার ২০ লাখ ৮০ হাজার ২৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১০ লাখ ৬০ হাজার ৫৪ জন,  নারী ভোটার রয়েছেন ১০ লাখ ২০ হাজার ১৪৯জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬জন। । এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৭২০টি।


মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী ভোটার রয়েছেন ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮জন।  এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৫৫৪টি।


হবিগঞ্জ জেলায় মোট ভোটার ১৮ লাখ ৩৩ হাজার ৯৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ২৮ হাজার ৬৯৬ জন, নারী ভোটার রয়েছেন ৯ লাখ ৫ হাজার ২৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৪জন।  এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৬৪৭টি।


সিলেট বিভাগের ১৯টি আসন থেকে সিলেট ভয়েসের প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন, কিছু কেন্দ্রে ভোর হতেই ভোটারেরা ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। তবে বেশিরভাগ কেন্দ্রেই অল্পকিছু ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে।


কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে বলেও জানিয়েছেন তারা।


এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটগ্রহণ শুরু, সিলেট, ভোটকেন্দ্র, দীর্ঘ লাইন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ