২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

উন্নয়নের নামে লুটপাট হয়েছে ১৫–১৬ বছর: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১:৫৭ অপরাহ্ন


বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উন্নয়নের নামে গত ১৫–১৬ বছরে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেই তথাকথিত উন্নয়নের বাস্তব চিত্র স্পষ্ট হয়ে ওঠে ঢাকা–সিলেট সড়কে যাতায়াতের অভিজ্ঞতায়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ২০০৫ সালে সুনামগঞ্জে আসতে আমার সময় লেগেছিল প্রায় চার ঘণ্টা। অথচ আজ ঢাকার সঙ্গে সিলেটের যাতায়াতে সময় লাগে প্রায় দশ ঘণ্টা। অনেক ক্ষেত্রে লন্ডনে যেতে প্লেনে এর চেয়েও কম সময় লাগে। এটাই উন্নয়নের বাস্তব চিত্র।

তিনি বলেন, উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। অথচ মানুষের জীবনমান, যোগাযোগব্যবস্থা কিংবা নিরাপত্তার কোনো মৌলিক উন্নয়ন হয়নি। সড়ক দুর্ঘটনা ও দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, গত ১৫–১৬ বছরে দেশের মানুষের ভোটাধিকার ও বাক্‌স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। একের পর এক নির্বাচন আয়োজন করা হলেও জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। “ইলিয়াস আলী, জুনায়েদ, দিদারসহ শত শত মানুষকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছে,” বলেন তিনি।

তারেক রহমান বলেন, আজকের এই সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি শহীদ ও নির্যাতিত মানুষের প্রতি শ্রদ্ধা জানানো এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ। “গণতন্ত্রের এই যাত্রা শুরু হবে বারো তারিখের নির্বাচনের মাধ্যমে,” উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’ মানে শুধু ভোটাধিকার ফেরানো নয়। এর সঙ্গে খাল সংরক্ষণ, কৃষকের পাশে দাঁড়ানো এবং দেশের জনসংখ্যার অর্ধেক মা ও বোনদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

তারেক রহমানে, আলিয়া মাঠ, সিলেট, জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ