২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ, আলিয়া মাঠে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৮:৫৬ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

বিএনপির প্রথম নির্বাচনী জনসভাকে ঘিরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চ নির্মাণ, মাঠ সমতলকরণ, ব্যারিকেড ও বসার ব্যবস্থা সবকিছুই শেষ হয়েছে। জনসভা শুরুর আগেই মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করেছে।

বুধবার রাত থেকেই বিভিন্ন উপজেলা ও জেলার নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে আসতে থাকেন। কেউ ব্যানার হাতে, কেউ দলীয় পতাকা নিয়ে মাঠের আশপাশে অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল হতেই মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। আয়োজকদের দাবি, নির্ধারিত সময়ের আগেই মাঠের একটি বড় অংশ পূর্ণ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠের উঁচু-নিচু অংশ সমান করতে রোলার ব্যবহার করা হয়েছে। পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ সম্পূর্ণ করা হয়েছে। মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে।

দলীয় নেতারা জানান, সমাবেশ নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষা কমিটি মাঠজুড়ে কাজ করছে। প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথ রাখা হয়েছে, যাতে অতিরিক্ত ভিড় হলেও বিশৃঙ্খলা না ঘটে।

সমাবেশস্থলে উপস্থিত সুনামগঞ্জ-১ আসনের বিএনপি এমপি প্রার্থী কামরুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের জন্য মঞ্চের সব প্রস্তুতি শেষ। সকাল থেকেই মানুষের ঢল নামছে। এমন ভিড় অনেক দিন পর দেখছি।’


আলিয়া মাদরাসা মাঠে ভোর থেকেই অবস্থান নেওয়া গোলাপগঞ্জ থেকে আসা লুতফুর রহমান  বলেন, ‘রাতেই আমরা এখানে চলে এসেছি। শুধু একবার তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্যই এই অপেক্ষা। এত মানুষের ভিড় দেখে বোঝা যায়, মানুষের আগ্রহ কতটা।’


বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আলিয়া মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। ওই সমাবেশে সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

তারেক রহমান, সিলেট, মঞ্চ, আলিয়া মাঠ, নেতাকর্মী, ঢল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ