১৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২৬ ৮:২২ অপরাহ্ন

ছবিঃ উবায়দুল্লাহ ফারুক। সংগৃহীত

সিলেট-৫ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।
 
আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন প্রার্থীতা বাতিলের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এই নোটিশ জারি করেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।

এসময় নোটিশে উল্লেখ করা হয়, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ বাজারের সোনার বাংলা সেন্টারের হলরুমে ফারুকের উপস্থিতিতে শতাধিক নেতা-কর্মী নির্বাচনি প্রচারণা চালায়। নির্বাচনে আচরণ বিধি প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এবং জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঘটনাস্থলে উপস্থিত হলে কর্মী-সমর্থকরা তাদের ঘিরে অশ্লীল স্লোগান দেয় এবং ভীতি সৃষ্টির চেষ্টা করে।

ইউএনওর নোটিশে আরও উল্লেখ করা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে মঞ্চে কয়েকজন নেতা বিশেষত সিদ্দিকুর রহমান পাপলু অশালীন আচরণ করেন। অনুষ্ঠানের অবিলম্বে সমাপ্তির অনুরোধ উপেক্ষা করে উবায়দুল্লাহ ফারুক এবং অন্যান্য নেতৃবৃন্দ প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করেন।

নোটিশে বলা হয়েছে, এই কর্মকাণ্ড নির্বাচনী আচরণ বিধি, ২০২৫ অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রার্থীতা বাতিলের বিষয়ে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ব্যাখ্যা করার জন্য আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টায় নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, উবায়দুল্লাহ ফারুক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ