শাহজালাল মাজার: কর্তন করা খেজুর গাছ জব্দ ও নির্মাণ কাজ স্থগিত
অনুসন্ধান
প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে উন্নয়ন কাজের নামে শতবর্ষী খেজুর গাছ কাটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে গঠন করা কমিটি কাটা গাছ জব্দের নির্দেশ দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাজারের মসজিদের উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে তদন্ত কমিটি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত কমিটি মাজার প্রাঙ্গণে গিয়ে কাটা খেজুর গাছের অস্তিত্ব পেয়েছে। সংশ্লিষ্টদের তিরস্কার করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো গাছ কাটা যাবে না। পরিদর্শনে মসজিদ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
শাহজালাল মাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান বলেন, “নিয়ম-কানুন সম্পর্কে অবগত না থাকার কারণে অনিচ্ছাকৃতভাবে কয়েকটি খেজুর গাছ কাটা হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল মসজিদের উন্নয়ন। কেবল ছয়টি গাছ কাটা হয়েছে এবং সেগুলো স্থানেই রাখা আছে।’
তদন্ত কমিটির সদস্য ও সিলেট ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আনোয়ারুল কাদির বলেন, কাটা গাছগুলো জব্দ করে রাখা হয়েছে। আপাতত আরও কোনো গাছ কাটা হবে না। এমন সংবেদনশীল স্থানে কাজ করার আগে দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তাছাড়া তারা যে মসজিদ নির্মাণের জন্য গাছ কেটেছিলেন সেই মসজিদ নির্মাণ বন্ধ রাখতে বলা হয়েছে।
সিলেট, শাহজালাল মাজার, খেজুরগাছ, কাটা, তদন্ত কমিটি, নির্মাণকাজ বন্ধ