০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

বিপিএলে টানা হারের মুখ দেখল সিলেট টাইটান্স, দাপুটে জয় চট্টগ্রামের

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন


লক্ষ্য ছিল মাত্র ১২৭ রান। এত অল্প পুঁজি রক্ষায় শুরু থেকেই চাপে পড়ে যায় সিলেট টাইটান্স। ওপেনিং জুটিতেই যখন ১১৫ রান উঠে যায়, তখন ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় স্বাগতিকরা। মোহাম্মদ নাঈম ও অ্যাডাম রজিংটনের দাপুটে ব্যাটিংয়ে সিলেট টাইটান্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম রয়্যালস।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন নাঈম ও রজিংটন। দুজন মিলে ১৩.৪ ওভারে গড়ে তোলেন ১১৫ রানের উদ্বোধনী জুটি। ৩৭ বলে ৫২ রান করে নাঈম আউট হলেও ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি চট্টগ্রামের হাতে। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা।

জয়ের বাকি কাজ সহজেই সেরে নেন অ্যাডাম রজিংটন ও সাদমান ইসলাম। ইংলিশ ব্যাটার রজিংটন ৫৩ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা। সাদমান ইসলাম অপরাজিত থাকেন ৩ রানে। ১৬ ওভারেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের সামনে ভুগতে থাকে সিলেট টাইটান্স। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাই ৪১ বলে ৪৪ রান না করলে সিলেটের সংগ্রহ ১০০ রানও পেরোত কি না, তা নিয়ে ছিল প্রশ্ন।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে সিলেট টাইটান্স। পারভেজ হোসেন ইমন ও রাহাতুল ফেরদৌস ১৭ রান করে করেন, জাকির হাসানের ব্যাট থেকে আসে ১৫ রান। চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মেহেদী ও মির্জা তাহির বেগ।

এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। 


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিপিএল, সিলেট, সিলেট টাইটান্স

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ