২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

জাতীয় নির্বাচনে জামায়াতের সাথে এনসিপি ও এলডিপি সমঝোতা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ ৭:১৩ অপরাহ্ন


জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়েছে। ফলে এটি এখন ১০ দলের নির্বাচনী সমঝোতায় রূপ নিয়েছে।

আজ রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, দেশ যখন জাতীয় জীবনের এক কঠিন সময় অতিক্রম করছে, তখন দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এত দিন আট দল একসঙ্গে কাজ করে আসছিল। সেই উদ্যোগে এখন আরও দুটি দল যুক্ত হলো—এলডিপি ও এনসিপি।

জামায়াতের আমির জানান, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগেই বৈঠক শেষ হয়েছে। তবে সময় ও সুযোগের অভাবে এনসিপির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি আট দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলগুলোকে জানিয়েছেন। এনসিপি শিগগিরই আলাদা সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরবে বলে জানান তিনি।

শফিকুর রহমান বলেন, ১০ দল একটি শক্ত নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। নিজেদের মধ্যে আলোচনা করে সারা দেশের ৩০০ আসনের প্রার্থী নির্ধারণের কাজ প্রায় শেষ হয়েছে। কিছু আসনে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আরও কিছু দল এই সমঝোতায় আগ্রহ দেখালেও সময়ের সীমাবদ্ধতার কারণে আপাতত তাদের যুক্ত করা সম্ভব হয়নি।

আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আসন সমঝোতা প্রায় সম্পন্ন। নামিনেশন দাখিলের পর যেসব বিষয়ে সামান্য আলোচনা বাকি আছে, সেগুলোও আমরা আলোচনার মাধ্যমেই সমাধান করতে পারব—এ বিষয়ে আমরা আশাবাদী।’

জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতের আমির বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সব দল অঙ্গীকারবদ্ধ। নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তারা। তবে এখনো সব দলের জন্য সমতল মাঠ তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো লোভ-লালসা, ভয়-ভীতি বা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, এই সমঝোতা শুধু নির্বাচনের জন্য নয়, এটি দেশ গঠনের একটি রাজনৈতিক উদ্যোগ। ভবিষ্যতে জাতীয় ইস্যুতে দলগুলো একসঙ্গে আন্দোলনেও থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের পাশে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ উপস্থিত থাকলেও তিনি কোনো বক্তব্য দেননি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এ সময় বিভিন্ন ইসলামী ও সমমনা দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

রাজনীতি, জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ