২৯ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ডেভিল হান্ট ফেইজ-২: বিয়ানীবাজারে দশদিনে গ্রেপ্তার ১০

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ ১:৩৩ অপরাহ্ন

ছবিঃ অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এ দশদিনে গ্রেপ্তার ১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ পরিচালনা করেছে সিলেটের সীমান্তবর্তী বিয়ানীবাজার থানা পুলিশ। 

অপারেশনের অংশ হিসেবে গত ১০ দিনে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে  নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১০জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন স্থানীয় তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

গ্রেপ্তাররা হচ্ছেন- উপজেলার চারখাই ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বেলাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী কৃষকলীগের কার্যকরী কমিটির সদস্য আলী আহমদ, চারখাই ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী মো. আব্দুল বাছিত, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য আছার উদ্দিন, মাথিউরা ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মোল্লাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব, শেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল আহমদ, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী গৌছ উদ্দিন ও পৌর ছাত্রলীগ নেতা ফারহান মহি।

এছাড়াও গত কয়েকদিন থেকে অনিবন্ধিত মোটর সাইকেল আটক ও ব্যবহারকারীদের জরিমানা করা হচ্ছে। চলতি অভিযানে মাদক প্রতিরোধেও গুরুত্ব দেয়া হচ্ছে। পুরনো মামলার তালিকা দেখে দাগী অপরাধী এবং ফৌজদারীসহ রাজনৈতিক মামলার আসামীদের গ্রেফতারেও অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে, আসন্ন নির্বাচনী কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর অজানা পরিস্থিতিতে পড়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন কমিটি। প্রায় দেড়যুগ পর অপ্রত্যাশিত এই ভূতুড়ে পরিবেশ কল্পনাই করতে পারেনি দলীয় নেতাকর্মীরা। সরকার পতনের দিন ৫ আগস্টের ঘটনার জের ধরে একে-একে চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় নতুন গতি পেয়েছে।

এদিকে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক। তিনি বলেন, 'আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও শৃঙ্খলা বজায় রাখতে কোন ছাড় দেয়া হবে না। সরকারি নির্দেশনা ও নির্বাচন কমিশনের আইনী দায়িত্ব রক্ষায় থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখবে। সিলেট-৬ আসনের অর্ন্তগত বিয়ানীবাজার থানায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে পুলিশ তৎপর থাকবে।'

তিনি বলেন, 'কোন প্রার্থীর পক্ষে কোন ধরনের পক্ষপাতিত্বমূলক ভূমিকা আমাদের থাকবে না। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ করতে জনগণের পক্ষে থাকবো। নির্বাচনী প্রধান দায়িত্বের পাশাপাশি এই থানা এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

অপারেশন, ডেভিল হান্ট, বিয়ানীবাজার, আতঙ্ক, আওয়ামী লীগ, নেতাকর্মী, গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ