০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বিজয় দিবস আমাদের গৌরবোজ্জ্বল অর্জন: ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, লাখো শহীদের রক্তস্নাত মহান বিজয় দিবস আমাদের গৌরবোজ্জ্বল অর্জন। মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তবে রাজনৈতিক অনৈক্য, দুর্নীতি ও লুটপাটের কারণে স্বাধীনতার প্রকৃত সুফল থেকে জাতি আজও বঞ্চিত।

 

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ফখরুল ইসলাম বলেন, রাজনৈতিক স্বার্থে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র এখনো চলছে। ক্ষমতা পাকাপোক্ত করতে বিভাজনের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান—সবই জাতির ঐক্যের ফসল। বিভক্তি নয়, দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট–১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয় এসেছে জাতির ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর দেশ স্বাধীন হয়। তিনি অভিযোগ করেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক স্বার্থে জাতিকে বিভক্ত করে ক্ষমতা দীর্ঘায়িত করেছিল। তবে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র–জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে তারা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়।

 

তিনি বলেন, জামায়াত বিভক্তির রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায়। সবার নাগরিক অধিকার নিশ্চিত করা এবং ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি সাম্যের মানবিক বাংলাদেশ গড়ে তোলাই শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত কাজ করে যাবে।

 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বিজয় দিবস, জামায়াত, সিলেট, মুক্তিযুদ্ধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ