সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ বাজার থেকে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।


আটকরা হলেন উপজেলার ডুংরিয়া গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুর রহমান (৩১) ও সিলেটের জকিগঞ্জ থানার পীরের চক গ্রামের আব্দুল জলিলের ছেলে হোসেন আহমদ সাদ্দম (৩৬)।

 

পুলিশ জানায়, অভিযানে মাদক কারবারিদের নিকট থেকে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে— যার  আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা। 

 

পুলিশ আরও জানায়, সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে শান্তিগঞ্জে এসেছে এমন খবর পেয়ে শান্তিগঞ্জ বাজারের অবস্থান করে পুলিশের একটি দল। এসময় জকিগঞ্জ থানা থেকে আসা মাদক ব্যবসায়ী হোসেন আহমদ সাদ্দামকে ডুংরিয়া সড়কের দিকে যাওয়ার পথে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়। 


পরে তার সঙ্গে থাকা ২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী সাদ্দাম জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট অপর মাদক ব্যবসায়ী ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমানের। এরপরই শান্তিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে অপর মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলেও জানায় পুলিশ।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, 'মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।  মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন