২৪ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ৮:১১ অপরাহ্ন


সিলেট নগরীর শাহপরান শাহাব উদ্দিন (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


এদিকে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ ।


এর আগে রোববার দিবাগত রাতে নিজ বাসার কাছ থেকে গুরুতর আহত অবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করেন স্বজনেরা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


পরিবার সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যবসায়ী বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান এলাকায় নিজের বাসায় থাকতেন। চারখাই বাজারে তাঁর ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তাঁর এক ছেলে ফ্রান্সে থাকেন।


নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, রাতে স্থানীয় একজনের কাছ থেকে তিনি জানতে পারেন, তাঁর বাবাকে কয়েকজন ব্যক্তি আটকে রেখেছেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার ঘাড়ে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন ছিল। শরীরের বিভিন্ন অংশও রক্তাক্ত ছিল।


পরে স্বজনেরা শাহাব উদ্দিনকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।


এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। পরে শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শাহাব উদ্দিনের সঙ্গে কারও বিরোধ ছিল বলে তাদের জানা নেই। তার স্ত্রীও কারও সঙ্গে তার শত্রুতা বা বিরোধের কথা জানেন না।


এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।’


হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। আমাদের কাছে এ রকম কোনো তথ্য নেই। হত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ নিজের মতো করে তদন্ত শুরু করেছে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ব্যবসায়ী হত্যা, ময়নাতদন্ত, শাহপরান, সিলেট, অপরাধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ