০৫ মে ২০২৬

দৈনন্দিন

শিক্ষায় পরিবর্তন করতে হলে গোড়া থেকেই শুরু করতে হবে : ডিসি ইলিয়াস মিয়া

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ন


প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা। জেলার শান্তিগঞ্জ উপজেলাসহ ১২টি উপজেলায় একযোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলার ৩২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান  এই চার বিষয়ে ১০০ নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। উপজেলার মোট ৪ হাজার ৭৬১ জন শিক্ষার্থী আবেদন করলেও উপস্থিত ছিলেন ৪ হাজার ৫৭৯ জন। গড় উপস্থিতি ছিল ৯৬.০৯ শতাংশ।

সকাল ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস মিয়া।

পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, `এই পরীক্ষা ঘোষণার পর থেকেই শিক্ষকদের মধ্যে আন্তরিকতা ও দায়বদ্ধতা বেড়েছে। তারা এখন পাঠদানে আরও মনোযোগী হয়েছেন। শিক্ষার্থীরাও পড়াশোনায় আগ্রহী হয়ে উঠেছে। অনেক বিদ্যালয়ে মডেল টেস্ট নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা মূল পরীক্ষায় ভালো ফল করতে পারে। আমরা আসলে চাই শিশুরা বিদ্যালয়মুখী হোক। শিক্ষায় পরিবর্তন করতে হলে গোড়া থেকেই শুরু করতে হবে, আর সেটি হলো প্রাথমিক শিক্ষা।'

তিনি আরও বলেন, `এই পরীক্ষার মাধ্যমে শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষকদেরও মূল্যায়ন করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাদের সঙ্গে সমন্বয় রেখে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।'

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, থানার ওসি (তদন্ত) ইরফানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তী।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ, ডিসি, মেধাবৃত্তি পরীক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ