২৮ আগস্ট ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

তৌহিদী জনতার আপত্তি জানানো নৌকাবাইচ অনুষ্ঠিত হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

‘তৌহিদী জনতা’র আপত্তি জানানো বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ আজ শুক্রবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হচ্ছেন অসংখ্য মানুষ। বিয়ানীবাজার উপজেলার ১১ নম্বর লাউতা ইউনিয়নের বারুইগ্রাম এলাকায় সুনাই নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হচ্ছে।  নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।



নৌকাবাইচ দেখতে আসা প্রবীন মুর্শেদ ইসলাম বলেন, নৌকাবাইচ আমাদের ঐতিহ্যবাহী একটি খেলা। এটি দেখতেই এখানে এসেছি। গ্রামের মানুষরা এসব খেলায় খুব উপভোগ করেন যার জন্য দূর দুরান্ত মানুষরা আসতেছেন নৌকাবাইচ দেখতে। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এই খেলাটি যেন প্রতিবছর অনুষ্ঠিত হয়।  


এর আগে গেল সোমবার (২৪ আগস্ট) সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের সুনাই নদীতে আয়োজিত এই নৌকাবাইচকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার শান্তিপূর্ণ সমাধান হয়। তবে সমঝোতার অন্যতম শর্ত হিসেবে আগামী বছর থেকে সুনাই নদীতে আর নৌকাবাইচ আয়োজন না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন।


এর ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, বাহাদুরপুর গাংপার যুব সমাজের উদ্যোগে আজ সুনাই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকেও প্রতিযোগিতা যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


গেল শনিবার (২২ আগস্ট) এশার নামাজের পর বারইগ্রাম বাজারের পূবালী ব্যাংক পিএলসি’র নিচতলায় এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লাউতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবক, মুরুব্বি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দীর্ঘ সময়ের আলোচনায় নৌকাবাইচকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি, স্থানীয়দের মতামত এবং ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন, ইউপি সদস্য আবদুল লতিফ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন, জাসাস বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়ক মুজিবুর রহমান, সমাজসেবক আব্দুল ওয়াহাব, লাউতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আহাদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লাউতা ইউনিয়ন যুবদলের সভাপতি এনাম উদ্দিন দিলাল, আব্দুল মালিক ও খালেদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বৈঠকে বক্তারা বলেন, নৌকাবাইচ এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী আয়োজন। এ আয়োজনকে কেন্দ্র করে কোনও ধরনের ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য যেন এলাকার শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট না করে, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলোচনার মাধ্যমে স্থানীয় যেকোনও সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলেও মত দেন তারা।


তবে নৌকাবাইচ বন্ধের দাবিতে প্রতিবাদকারীদের মধ্যে মাওলানা নুরুর রহমান মাসুক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিয়ানীবাজার উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল হক কাসেমী এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হোসেন আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন না। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে তারা সমঝোতায় মত দিয়েছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান দেলওয়ার হোসেন। একইসঙ্গে ‘তৌহিদী জনতার’ ব্যানারে প্রতিবাদের বিষয়টিও তারা অস্বীকার করেছেন বলে জানান তিনি।


নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়েই আজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, নৌকাবাইচ যথাসময়েই অনুষ্ঠিত হবে। এ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

নৌকাবাইচ, বিয়ানীবাজার, সুনাই নদী, ঐতিহ্যবাহী খেলা, লাউতা ইউনিয়ন, তৌহিদী জনতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ