৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিপিবির সম্মেলন: গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৫ ৪:১১ অপরাহ্ন


চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে, তা আজও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তাঁর অভিযোগ, স্বৈরশাসকের বিদায় হলেও দেশে এখনো ফ্যাসিবাদী ও লুটেরাতন্ত্র টিকে আছে। এই ব্যবস্থা উৎখাত না হলে মানুষের প্রকৃত মুক্তি আসবে না।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের ডি এস রোড এলাকায় আয়োজিত সিপিবির ১৩তম জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন।

সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ কমিউনিস্ট নেতা রমেন্দ্র কুমার দে মিন্টি। সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ। 

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাস বলেন, ‌‘মানুষ যে স্বপ্ন নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেই প্রত্যাশা পূরণ হয়নি। গণঅভ্যুত্থানের পর যে সরকার এসেছে, তারাও মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দেশে মব সৃষ্টি করে নির্যাতন, হত্যা চলছে। শিক্ষক, নারীসহ বিভিন্ন শ্রেণির মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না, এর বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাম্যের সমাজ প্রতিষ্ঠার জন্য কমিউনিস্ট পার্টি যুগ যুগ ধরে লড়াই করছে। শোষকেরা একজোট হয়েছে। তাই শোষণ-বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, আইনজীবী আনোয়ার হোসেন সুমন, আবু তাহের প্রমুখ।

উদ্বোধনী সমাবেশ শেষে শহরে মিছিল বের করে সিপিবি। পরে কালীবাড়ি এলাকার প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন হয়।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিপিবি, গণঅভ্যুত্থান, সুনামগঞ্জ, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ