০৪ মে ২০২৬

দৈনন্দিন

বিয়ানীবাজার

পিতৃপরিচয় শনাক্তে মৃত্যুর দু'মাস পর নবজাতকের মরদেহ উত্তোলন

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৫ ৮:২৫ অপরাহ্ন


সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামে মৃত্যুর দুই মাস পর কবর থেকে এক নবজাতকের মরদেহ উত্তোলন করা হয়েছে। পিতৃপরিচয় শনাক্তের জন্য আদালতের নির্দেশে এ পদক্ষেপ নেয়া হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর হোসাইন সজীব আদালতের নির্দেশে বিয়ানীবাজার ও জুড়ি থানা পুলিশের সহায়তায় কবর থেকে নবজাতকের মরদেহ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টিকরপাড়া গ্রামের সিএনজি অটোরিকশা চালক জসিম উদ্দিনের মেয়ে মৌলভীবাজারের জুড়ি উপজেলার ভবানীপুর গ্রামের একটি বাড়িতে গৃহস্থালির কাজ করতেন। সেখানে মাহিন আহমেদ নামে এক রাজমিস্ত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের ফলেই গর্ভধারণ এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ছেলে সন্তানের জন্ম হয়। 

তবে শিশুটি জন্মের দুইদিন পর মারা গেলে উভয় পরিবারের সম্মতিতে বিয়ানীবাজারের টিকরপাড়ার স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার পর থেকে মাহিন আহমেদ নবজাতক ও তার মায়ের স্বীকৃতি অস্বীকার করলে ভুক্তভোগী নারী সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এরপর আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য মরদেহ উত্তোলন করে নমুনা সংগ্রহ করা হয়।

ভুক্তভোগী মেয়ের বাবা জসিম উদ্দিন জানান, মেয়ের গর্ভে সন্তান ধারণের বিষয়টি জানার পর জুড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। পরে স্থানীয় সালিশ এবং অভিযুক্ত মাহিনের পরিবারের অনুরোধে মেয়ে অনাগত সন্তানের ভবিষ্যতের কথা বিবে  চনা করে আপোষ করেন। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার দুইদিন পর সন্তান মারা যাওয়ার পর মাহিন তার মেয়েকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়।

তিনি বলেন, “আমি একজন হতদরিদ্র মানুষ। সিএনজি অটোরিকশা চালিয়ে দিন চলে। আমি বিজ্ঞ আদালতের কাছে মেয়ের ন্যায্য সম্মানটুকু ফেরত চাই।”

মরদেহ উত্তোলন শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর হোসাইন সজীব বলেন, “আদালতের নির্দেশে দুই মাস আগে মারা যাওয়া দুইদিন বয়সী এক নবজাতকের মরদেহ উত্তোলন করা হয়েছে। মূলত ডিএনএ পরীক্ষার জন্যই নমুনা সংগ্রহ করা হয়েছে।”


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিয়ানীবাজার খবর, নবজাতকের মরদেহ উত্তোলন, ডিএনএ পরীক্ষা, নারী ও শিশু নির্যাতন মামলা, সিলেট সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ