০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেটে জুলাই পদযাত্রা

সিলেটের মর্যাদা ও সম্পদ রক্ষায় লড়াইয়ের আহ্বান নাহিদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সিলেট কেবল একটি প্রশাসনিক জেলা নয়; এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ উৎস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান—সিলেট সব সময় বুক চিতিয়ে লড়েছে বাংলাদেশের পক্ষে।”

শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন গত জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ।

তিনি বলেন, “১৯৪৭ সালে দেশবিভাজনের সময় মাওলানা ভাসানীর আহ্বানে সিলেটবাসী পূর্ববঙ্গের পক্ষে রায় দিলেও, আমরা পূর্ণ সিলেট পাইনি। করিমগঞ্জ কেটে নিয়ে আসামের সঙ্গে সংযুক্ত করা হয়। বৃটিশ আমল, পাকিস্তান আমল এবং এখন আওয়ামী আমলেও সিলেট উপেক্ষিত থেকেছে। এই অঞ্চলের গ্যাস, পাথর ও খনিজসম্পদ ব্যবহার হলেও সিলেটবাসী বঞ্চিত।”

তিনি আরও বলেন, “শহীদ রুদ্র সেন, শহীদ এটিএম তুরাবসহ ১৭ জনের বেশি শহীদের রক্ত মাটিতে মিশে আছে। আমরা সেই শহীদদের উত্তরসুরী হিসেবে শপথ নিচ্ছি—নতুন বাংলাদেশ গড়ার, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মর্যাদাসম্পন্ন বাংলাদেশের।”

সিলেটের প্রবাসী সিলেটিদের অবদান তুলে ধরে তিনি বলেন, “লন্ডনে যাঁরা বাংলাদেশকে তুলে ধরছেন, তাঁদের ঘামে আজ দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার এবং নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।”

তিনি বলেন, “সিলেট শুধু তেল-গ্যাস-খনিজে ভরপুর নয়, এখানে শতশত ভাষা ও সংস্কৃতির বসবাস। সেসবের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। এই অঞ্চলকে আধুনিক শিল্পোন্নত অঞ্চলে পরিণত করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে সিলেটের চাহিদা পূরণ করতে হবে।”

বিচার সংস্কার এবং নতুন সংবিধান প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, “আগামী ৩ আগস্ট আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হবো ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে।”


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জুলাই পদযাত্রা, নাহিদ ইসলাম, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ