২৯ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

ভয়েস ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৬ ১:৫১ অপরাহ্ন


টানা ভারী বৃষ্টিতে হাওরাঞ্চলের বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী তিন মাস সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনস্বার্থ সংশ্লিষ্ট এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রশ্নটি উত্থাপন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

সংসদে কলিম উদ্দিন আহমদ বলেন, টানা বৃষ্টিতে হাওরের বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে গেছে। এতে কৃষকেরা মাঠে নেমে ধান কাটতে পারছেন না। পরিস্থিতির দিকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি ‘নিঃসন্দেহে উদ্বেগজনক’। তিনি জানান, তিন দিন আগে পাওয়া আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে ইতিমধ্যে তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এসব জেলার পাশাপাশি ময়মনসিংহের কিছু এলাকাও ভারী বৃষ্টিতে আক্রান্ত হয়েছে বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে তিনি বলেন, আক্রান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

হাওরাঞ্চল, প্রধানমন্ত্রী, তারেক রহমান, সংসদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ