০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

চাঁদাবাজির অভিযোগে শ্রীমঙ্গলে বিএনপি নেতা শেখ জসিমের পদ স্থগিত

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৫ ৮:১৭ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দিনের পদ স্থগিত করা হয়েছে।

গেল ১২ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে তার পদ স্থগিত করা হয়। পরে শুক্রবার (১৮ জুলাই) বিষয়টি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের নিশ্চিত করে জেলা বিএনপি।

এর আগে, ১৩ জুলাই তরুণ উদ্যোক্তা ও ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমানের দায়ের করা একটি মামলায় শেখ জসিম উদ্দিনকে আটক করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। শেখ জসিম শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের শ্রীগাঁও গ্রামের শেখ মো. জিতু মিয়ার ছেলে।

মামলার এজাহার ও পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রবাসী হাফিজুর রহমান শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম নির্মাণের কাজ শুরু করেন। কাজের দায়িত্বে ছিলেন তার বড় ভাই মহিবুর রহমান ও খালাতো ভাই জাফর। শ্রমিকরা কাজ করতে গেলে শেখ জসিম উদ্দিন সেখানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ফার্ম ভেঙে ফেলার হুমকি দেন।

স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে হাফিজুর রহমান মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সিআর মামলা নম্বর–৩৭৩/২০২৪) দায়ের করেন। আদালতের নির্দেশে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযোগের সত্যতা পান এবং আদালতে প্রতিবেদন দাখিল করেন।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বলেন, 'অনেক আগেই জসিমের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। জেলা বিএনপি তার পদ স্থগিত করেছে এবং সংগঠনের পক্ষ থেকেও তদন্ত চলছে।'



শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ