ধর্মীয় উৎসবে অংশগ্রহণে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ব সুদৃঢ় হয়: সিসিক প্রশাসক
ধর্ম
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হয়। দক্ষিণ সুরমাতে এই আয়োজন ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি সনাতন ধর্মাবলম্বী সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমা শিববাড়ি শ্রীশ্রী সর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষী মন্দির প্রাঙ্গণে পার্থসারথি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা এবং সিসিকের ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিনে ছিল নগর পরিক্রমা, পদাবলি সংকীর্তন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ভক্তিমূলক গানের প্রতিযোগিতা।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা ও সিসিকের সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সভাপতি প্রদীপ করের সভাপতিত্বে এবং আপন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন মোহন্ত ভট্টাচার্য। শুভেচ্ছা বক্তব্য দেন জয়ন্ত গোস্বামী।
অনুষ্ঠানে বক্তব্য দেন শৈলেন কর, মন মোহন দেবনাথ, নন্দন পাল, সুভাষ পৈত্য, রঞ্জু দেব, কল্যাণ চন্দ্র পাল, বিশ্বজিৎ দাস, নিখিল মালাকার, সুবল দেবনাথ, বিশ্বজিৎ চক্রবর্তী আপন, মিন্টু দাস, চন্দ্রশেখর দে চপল, পিনাক কর, বাবলু দাস, অখিল সরকার, শিবুল দাস, হীরা মল্লিক, সঞ্জয় দাস, শান্ত মালাকার, রূপক চৌধুরী, রিপন পাল, শীবাস মালাকার, সুবোধ চন্দ্র ও অবিনাশ দাস প্রমুখ।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি শ্রীশ্রী সর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সিসিকের ৩০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমা চান্দাই, নজরপুর শ্রীশ্রী রাধা গোপাল জিউ আখড়ায় ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক।
জন্মাষ্টমী, সিলেট সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী, ধর্মীয় সম্প্রীতি, সনাতন ধর্ম